ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ঘন কুয়াশায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২

গাজীপুরে ঘন কুয়াশায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২
ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা । ছবি- সংগৃহীত

গাজীপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে দুই যাত্রী নিহত হয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জেলার কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: আবু তাহের (৪৫) ও ইব্রাহিম (৩৬)। তাদের বিস্তারিত পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি প্রাইভেটকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লিবিদ্যুৎ এলাকায় পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। এ সময় গাড়িতে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে প্রাইভেটকারটি মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

পুলিশ জানায়, ঘন কুয়াশায় রাস্তায় দৃশ্যমানতা কমে যায়। এ কারণে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা উচিত।