ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৩: ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে ফের নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের বাজার। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি দেশি পেঁয়াজ ২২০ থেকে ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১০ টাকা দরে।
ধোলাইপাড়, শনিরআখড়া, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজারে একই চিত্র দেখা গেছে। খুচরা বাজারে পেঁয়াজের দাম বাড়তির কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলছেন, ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরের পর থেকেই দাম বাড়তে শুরু করেছে। পাইকারি বাজারেও দাম বেড়েছে। এ কারণে তারাও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
এদিকে, পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকা মহানগরসহ সারাদেশে বাজারে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সারাদেশে এ অভিযানে ১৩৩টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছে সরকারি এই তদারকি সংস্থাটি।
বর্তমানে ভারতের খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৬০ রুপির মধ্যে বিক্রি হচ্ছে।