জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পেঁয়াজের দাম বাড়াতে কলকাঠি নাড়া মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। ইতোমধ্যে দেশের ৫৪টি জেলায় অভিযান পরিচালনা করে ১১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার ঢাকার কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম সফিকুজ্জামান।
তিনি বলেন, ‘খাতুনগঞ্জ ও শ্যামবাজারের থরে থরে সাজানো পেঁয়াজ আমাদের অভিযানের পরে কিভাবে উধাও হয়ে গেল? কারা পেঁয়াজ লুকিয়ে রেখেছে? গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার চেষ্টা চলছে।’

মুড়ি কাটা পেঁয়াজ ইতোমধ্যে বাজারে আসা শুরু করেছে উল্লেখ করে এ. এইচ. এম সফিকুজ্জামান বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের বাজার স্থিতিশীল হবে বলে আশা করা যাচ্ছে।’
তিনি বলেন, ‘পেঁয়াজ মজুতদারদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।’
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘বাংলাদেশে দ্রব্যমূল্যের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে কালোবাজারি-মজুতদাররা সরকারের চেয়েও পাওয়ারফুল। রাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। সুযোগ পেলেই বেপরোয়া হয়ে ওঠে। জনগণকে বেকায়দায় ফেলতে চায়। কিন্তু দ্রব্যমূল্যের কষাঘাত থেকে জনগণকে মুক্তি দিতে হবে। তার জন্য দরকার ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন।’
সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও সনদপত্রসহ যথাক্রমে নগদ ২ লক্ষ ও ১ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হয়।