ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের সাবেক সভাপতিসহ বিএনপির ১০ নেতাকর্মীকে ৩ বছরের কারাদণ্ড

যুবদলের সাবেক সভাপতিসহ বিএনপির ১০ নেতাকর্মীকে ৩ বছরের কারাদণ্ড
সোমবার যুবদলের সাবেক সভাপতিসহ বিএনপির ১০ নেতাকর্মীকে ৩ বছরের কারাদণ্ড দেন আদালত, ছবি: সংগৃহীত

 ২০১৩ সালের ২৬ মার্চ রাজধানীর তেজগাঁও থানায় ট্যাক্সিচালক বাবুলের গাড়িতে অগ্নিসংযোগের মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও ঢাকা সিটির সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ বিএনপির ১০ নেতাকর্মীকে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ রায় প্রদান করেন। আদালত দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাইফুল আলম নীরব ও আনোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ওইদিন রাত সাড়ে ৭টার দিকে মহাখালী থেকে তিনজন যাত্রী নিয়ে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন ট্যাক্সিচালক বাবুল। রাত ৮ টার দিকে কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে পৌঁছালে কয়েকজন তাকে থামিয়ে পেট্রোল ঢেলে তার গাড়িতে আগুন লাগিয়ে দেয়।

ঘটনার পর বাবুল তেজগাঁও থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান ২০১৪ সালের ১৪ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় সাইফুল আলম নীরব, আনোয়ারুজ্জামান, লুৎফর রহমান, শাহীন ওরফে গান্ডু শাহীন, তরিকুল ইসলাম ওরফে ঝন্টু, আমিনুল ইসলাম জাকির, গোলাম কিবরিয়া শিমুল, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম ও জাকির হোসেনকে আসামি করা হয়।

আদালত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৩৫ ও ৪৩৬ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন বলেন, রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।