বিএনপির ডাকা হরতাল-অবরোধের দেড় মাসে সারা দেশে ২৮৫টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তিনি বলেন, আগুনে পোড়া যানবাহনের মধ্যে বাস ১৬৮টি, ট্রাক ৪৪টি, কভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৭টি রয়েছে।
১১ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সাতটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৬টি বাস ও ১টি পরিত্যক্ত প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।
শাহজাহান শিকদার বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। প্রত্যেকটি ঘটনায় আগুন নেভাতে ২টি করে ইউনিট কাজ করেছে।
তিনি আরও বলেন, অগ্নিসংযোগের ঘটনায় ফায়ার সার্ভিসের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এসব ঘটনায় অনেক মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে।