দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের জন্য সাতটি আসন ছেড়ে দিলো ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই সাতটি আসনের মধ্যে জাসদ এবং ওয়ার্কার্স পার্টিকে তিনটি করে আসন আর একটি দিয়েছে আনোয়ার মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি-জেপি।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শরিকদের সাথে আলোচনা চলছে এখনও সব চূড়ান্ত নয়। আপাতত সাতটি আসনে সিদ্ধান্ত হয়েছে।
আসানগুলো হলো কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৪, বগুড়া-৪, বরিশাল-৩, রাজশাহী-২, সাতক্ষীরা-১ এবং পিরোজপুর-২। কুষ্টিয়া-২ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু। লক্ষ্মীপুর-৪ আসনে ১৪ দলের হয়ে লড়বেন জাসদের মোশাররফ হোসেন। বগুড়া-৪ আসনে ১৪ দলের হয়ে ভোটের মাঠে থাকবেন জাসদের রেজাউল করিম তানসেন। বরিশাল-৩ আসনে জোটের হয়ে লড়বেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। রাজশাহী-২ আসনে লড়বেন ওয়ার্কার্স পার্টির সাধারণ ফজলে হোসেন বাদশা। সাতক্ষীরা-১ আসনে বর্তমান সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহই ১৪ দলের হয়ে লড়বেন। পিরোজপুর-২ আসনে জোটের প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন মঞ্জুই থাকছেন।