ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনামুল হক শামীমের ডিওলেটারে শরীয়তপুর সদরের সাথে কাঠালবাড়ী ঘাট চার লেন সড়ক হতেযাচ্ছে

শরীয়তপুর জেলা শহর হতে জাজিরা উপজেলার পদ্মা সেতু (কাঠালিয়া) পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার জন্য একটি প্রকল্প গ্রহণ করতে সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর চিঠি দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের ডিও লেটারের ভিত্তিতে বিধিগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে গত ২ এপ্রিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী প্রধান তাওহীদ আহমদ সজল স্বাক্ষরিত ওই পত্রটি সড়ক ও জনপদ বিভাগে পাঠানো হয়। ওই চিঠি শরীয়তপুর সড়ক ও জনপদ বিভাগে পাঠানো হয়েছে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জন্য।

এর মধ্যদিয়ে শরীয়তপুরবাসী চার লেনের একটি সড়কের স্বপ্ন দেখছেন। সড়কটি চার লেনে উন্নীতকরণে প্রকল্প গ্রহণের জন্য ডিও লেটার দেওয়ায় উপমন্ত্রী এনামুল হক শামীমকে ধন্যবাদ ও অভিনন্দন জানান শরীয়তপুরবাসী। সামাজিক যোগাযোগ মধ্যমে ওই ডিও লেটারটি ভাইরাল হওয়ার পর শরীয়তপুরবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অনেকেউ এনামুল হক শামীম ও শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

শরীয়তপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সেমিল আজাদ খান বলেন, শরীয়তপুর সদর থেকে পদ্মাসেতুর কাঠালবাড়ি পর্যন্ত সড়ক ফোর লেনে উন্নীতকরণ একটি প্রকল্প নেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি। চিঠি পাওয়ার পরই আমরা প্রকল্পটি নেওয়ার জন্য প্রয়োজনীয় কাজ শুরু করেছি। কাজের অনেক ধাপ আছে। আমরা প্রকল্প আকারে মন্ত্রণালয়ে পাঠাবো। তারপর এটি পাশ হবে। পাশ হওয়ার পরে টেন্ডার হবে তারপর কাজ শুরু হবে।