ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে কনকনে শীত, পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে কনকনে শীত, পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি
শীতে জবুথবু পঞ্চগড়, ৯ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় কনকনে শীত চলছে। পৌষের প্রথম দিন থেকেই ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রবাহিত শীতল বায়ুপ্রবাহের প্রভাবে এই শীত বইছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে মৌসুমের প্রথম মৃদু শৈত্য প্রবাহ চলছে। আগামী বুধবার পর্যন্ত এটা অব্যাহত থাকতে পারে। এসময় দেশের বেশির ভাগ এলাকায় থাকবে প্রচণ্ড শীত।

আবহাওয়াবিদ ড.আবুল কালাম মল্লিক বলেন, এখন ঠাণ্ডার অনুভূতি বাড়ছে। ভোর পর্যন্ত ঠাণ্ডা বাতাস থাকায় শীত থাকছে। সকাল থেকে রোদ কিছুটা উষ্ণতা ছড়াচ্ছে। বিকেলে আবার শীতার্ত বাতাস বইছে।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ কৃত্রিম আবহাওয়া ভূ-উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে জানান, ভারতের পশ্চিমবঙ্গ থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করা হাঁড় কাপানো ঠাণ্ডা বাতাস ক্রমশ বিস্তার লাভ করছে। খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজশাহী বিভাগের রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, পাবনা, রংপুর বিভাগের দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ক্রমাগত হ্রাস পেয়ে শৈত্যপ্রবাহ চলছে। এটা অব্যাহত থাকতে পারে আগামী বুধবার পর্যন্ত। এই শৈত্যপ্রবাহ প্রতিদিন দেশের পূর্বদিকে অগ্রসর হচ্ছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল জানান, গতকালের চেয়ে তাপমাত্রা আরও কমেছে। ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হলে (৮-১০ ডিগ্রি) সে অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হয়। রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার একই সময়ে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

ঠাকুরগাঁওয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সোমবার সকাল আটটা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল চারদিক। সড়কগুলোতে মানুষের পাশাপাশি বিভিন্ন যানবাহনের উপস্থিতিও তেমন ছিলনা। যাদের চলাচল করতে দেখা গেছে তারা যানবাহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছেন। এদিকে শীতের কারণে জেলার ফসলের ক্ষেতগুলোতেও কৃষকদের উপস্থিতি কম দেখা গেছে। কাজে যাওয়া শ্রমিকদেরও সংখ্যাটিও কম ছিল। জনসমাগম কম ছিল বড় বাজারগুলোতে।

শৈত্যপ্রবাহের কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জনজীবনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ভোরবেলায় ঘন কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক। সড়কগুলোতে চলাচল কষ্টকর হয়ে পড়ছে। ঠান্ডার কারণে ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকদের ফসল রক্ষার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে।