ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের ১৩ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দুটি ভারতীয় পেঁয়াজবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে।
আমদানিকারক শহিদুল ইসলাম জানান, ভারতে লিখিত অনুমতি পেতে বেশ কিছু দিন সময় লাগায় পেঁয়াজের গুণগত মান কিছুটা নষ্ট হয়ে গেছে।
তিনি বলেন, পেঁয়াজগুলো বেঙ্গালুরুসহ বিভিন্ন প্রদেশ থেকে আমদানি করা হয়। সেখান থেকে আসতে অন্তত এক সপ্তাহ সময় লাগে। এর সঙ্গে রপ্তানি বন্ধের পর ভারতে ১৩ দিন গাড়িতে রপ্তানির জন্য আটকে ছিল পেঁয়াজ। এতে পেঁয়াজের গুনগত মান খারাপ হয়েছে। ফলে পাইকাররা পেঁয়াজ কিনতে আগ্রহ দেখাচ্ছে না।
আমদানিকারকরা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি পেতে তাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে। ভারতের রপ্তানিকারকদের কাছ থেকে পেঁয়াজ কেনার জন্য এলসি খুলতে হয়েছিল। কিন্তু ভারত সরকারের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর এলসির টাকা ফেরত পাওয়া নিয়ে তারা শঙ্কিত ছিলেন। অবশেষে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়ে তারা এলসির টাকা ফেরত পেতে সক্ষম হন।
পেঁয়াজের আমদানি শুরু হলেও দাম কমার সম্ভাবনা নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারা জানান, পেঁয়াজের দাম কমার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
এদিকে, পেঁয়াজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন পাইকাররা। তারা বলছেন, পেঁয়াজের গায়ে গাছ গজিয়েছে। এসব পেঁয়াজ খাওয়ার উপযোগী নয়।