ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের কঠোর নির্দেশ

খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের তিন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল। শুক্রবার যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে কঠোর নির্দেশ দেন।

সিইসি বলেন, “কোনরকম বিশৃঙ্খলা যাতে না হয়, পরিবেশটা যেন অনুকূল থাকে, ভোটাররা যেন নির্বিঘ্নে স্বাধীনভাবে ভোটকেন্দ্রে এসে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “ভোটকেন্দ্রের ভেতরে যেমন কোনরকম অনিয়ম, কারচুপি, দখলদারিত্ব, কোনোরকম পেশীশক্তির প্রয়োগ না হয়, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসন কঠোর অবস্থান নেবে।”

সিইসি বলেন, “রিটার্নিং অফিসারদেরই মূল দায়িত্বটা পালন করতে হবে। উনারাই নির্বাচন কমিশন, উনারাই প্রধান নির্বাচন কমিশনার। সমস্ত ক্ষমতা উনাদের ডেলিগেট করে দেওয়া হয়েছে। তাদের এ দায়িত্ব নিতে হবে, এ দায়িত্ব বহণ করতে হবে এবং সুচারু ও সুষ্ঠুভাবে এ দায়িত্ব পরিসমাপ্ত করতে হবে।”

খুলনা বিভাগের বিভিন্ন স্থানে হামলার ঘটনা প্রসঙ্গে সিইসি বলেন, “এসব ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে। যদি দায় নিরূপণ করতে পারি তাহলে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “দু’চারটা এরকম ঘটনা হয়তো ঘটবে, ব্যাপকভাবে যাতে এ ধরণের ঘটনা না ঘটে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধিবিধান অনুসরণ করে কঠোরভাবে তা প্রতিহত করবেন।”

বৈঠকে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলমসহ খুলনা বিভাগের ১৩ জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের ২৯০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতিত্ব করেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।

বৈঠক শেষে সিইসি যশোর জেলার ৬টি আসনের ৩২ জন প্রার্থীর সাথে মতবিনিময় করেন।