ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে প্রথম জয় বাংলাদেশের

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ। শনিবার নেপিয়ারে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩১.৪ ওভারে ৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ২০৯ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ।

এই জয়ের মধ্য দিয়ে ওয়ানডেতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জয় পেল বাংলাদেশ। এর আগে ১৮ ম্যাচে কিউইদের মুখোমুখি হয়ে কোনো জয় ছিল না টাইগারদের।

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশী পেসারদের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। রাচীন রবীন্দ্রকে ৮ রানেই বিদায় দিয়ে প্রথম আঘাতটা হানেন তানজীম হাসান সাকিব। উইকেটে এসেই বিদায় নেন হেনরি নিকোলস। ওপেনার উইল ইয়াঙ্গকে নিয়ে একটা জুটি গড়ার চেষ্টা করেন টম লাথাম। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। লাথামকে ২১ রানে ফিরিয়ে জুটি ভাঙেন শরিফুল।

লাথামের বিদায়ে ভরসা হয়ে ছিলেন ওপেনার ইয়াং। তাকেও ২৬ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়ে ড্রেসিংরুমের পথ দেখান শরিফুল। ইয়াংকে আউট করার মধ্য দিয়ে ১৪তম বাংলাদেশী বোলার হিসেবে ওয়ানডেতে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই বাঁহাতি পেসার।

ইয়াং আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউ জিল্যান্ডের ইনিংস। শরিফুলের সঙ্গে হাত মেলান বাকি তিন পেসার তানজীম, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। তাতেই দিশেহারা হয়ে ৯৮ রানে গুটিয়ে যায় কিউইরা। ইয়াং আউট হওয়ার পরের ৬ ব্যাটারের মধ্যে দুই অঙ্কের ঘর পেরোতে পেরেছেন কেবল জশ ক্লার্কসন ও আদিত্য অশোক। বাকিদের রান আটকে যায় মোবাইল ফোনের ডিজিটের ঘরে।

কিউইদের একশর আগে গুটিয়ে দেওয়ার কৃতিত্ব বাংলাদেশের পেস চর্তুষ্টয়ের। সমান তিনটি করে উইকেট নিয়েছেন শরিফুল, সাকিব ও সৌম্য। মোস্তাফিজ পেয়েছেন ১ উইকেট। রান খরচের দিকে দিয়ে সবচেয়ে কৃপণ ছিলেন তানজীম। ওভারপ্রতি ২ রান করে দিয়েছেন এই তরুণ পেসার।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন দুই বাংলাদেশী ওপেনার সৌম্য সরকার ও এনামুল হক বিজয়। তবে ব্যক্তিগত ৪ রানের মাথায় চোখে কিছু একটা সমস্যা হচ্ছিল সৌম্য সরকারের, ঠিকঠাক দেখতে পাচ্ছিলেন না বলে ইঙ্গিত করছিলেন। এর আগে পানি দিয়েছেন। এরপর ফিজিওকে ডেকে পাঠান। ড্রপও দেওয়া হয়। তবে সমস্যা সমাধান হয়নি। ১৬ বলে ৪ রান করেই উঠে গেলেন সৌম্য।

এনামুলের সঙ্গে এসে জুটি বাঁধলেন অধিনায়ক শান্ত। দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ বলে যোগ করলেন ৬৯ রান। দলকে জয়ের দ্বারপ্রান্তে এনে ৩৭ রানের মাথায় বিদায় নেন এনামুল। তবে লিটনকে নিয়ে বাকি কাজটা সেরে ফিফটি করেই মাঠ ছাড়েন অধিনায়ক শান্ত। লিটন ১ ও শান্ত ৫১ রানে অপরাজিত ছিলেন।