রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় সরকারি কর্মকর্তা পরিচয়ে সাতটি বিয়ে করে সর্বশেষ বউকে যৌনপল্লীতে বিক্রির চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম শাহরিয়ার নাফিজ ইমন ওরফে বুলবুল (৩৫)। সে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের আয়নাল হকের ছেলে।
রাজবাড়ী পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ জানান, বুলবুল গত ৭ মার্চ পাংশা উপজেলার এক কিশোরীকে বিয়ে করে। বিয়ের পর সে ওই কিশোরীকে ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লীতে বিক্রির চেষ্টা করে। তবে পুলিশের হস্তক্ষেপে তার সেই চেষ্টা ব্যর্থ হয়।
এছাড়াও, বুলবুল পাংশা উপজেলায় সরকারি কর্মকর্তা পরিচয়ে সরকারি বিভিন্ন দফতরে চাকরি দেয়ার আশ্বাস দেখিয়ে ৭ জনের কাছ থেকে ২৩ লাখ টাকা হাতিয়ে নেয়। এছাড়াও, দেশের বিভিন্ন এলাকায় সুন্দরী নারীদের টার্গেট করে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করে এবং সেসব নারীদের আত্মীয়-স্বজনদের সরকারি চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে।
বুলবুল দেশের বিভিন্ন এলাকায় ৭টিরও বেশি বিয়ে করেছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৪টি প্রতারণার মামলা এবং একটি চোরাচালানের মামলা রয়েছে। চুয়াডাঙ্গা দামুড়হুদা থানায় তার বিরুদ্ধে ২টি ওয়ারেন্ট আছে।
পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ জানান, বুলবুল একজন প্রতারক এবং সে নারীদের প্রতি লোলুপ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।