আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে আরও ৭৯ পুলিশ পরিদর্শকের (ওসি) বদলির সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি সাপেক্ষে এসব ওসিকে বদলি করা হবে।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, পুলিশ অধিদফতরের ৩০ পরিদর্শক (সশস্ত্র), ৪৬ পরিদর্শক (নিরস্ত্র) ও আর তিনজন পরিদর্শক (শহর ও যানবাহন) বদলি কিংবা পদায়নের সম্মতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে গত ৭ ডিসেম্বর সারা দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বদলির প্রস্তাব অনুমোদন করে ইসি। যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন, প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারা দেশের ওসি বদলির নির্দেশ দেয় কমিশন।
গত ১ ডিসেম্বর পুলিশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। পরে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সাংবিধানিক এই সংস্থা।
ভোটের নিরাপত্তা নিশ্চিতে ওসি বদলির এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন নির্বাচন সংশ্লিষ্টরা। তারা বলছেন, নতুন ওসিরা নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে পারবেন।
এদিকে, তফসিল অনুযায়ী, ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ। ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এরপর থেকেই চলছে ভোটের প্রচার।