যশোরের চুড়ামনকাটিতে লেভেল ক্রসিংয়ের গেট খোলা থাকায় ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: ট্রাকের চালক পারভেজ (২৬) এবং তার সহকারী নাজমুল হাসান (২৮)। পারভেজের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাকমারী গ্রামে। আর নাজমুল হাসানের বাড়ি একই জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনটি চুড়ামনকাটি রেল ক্রসিং পার হচ্ছিল। এদিকে লেভেল ক্রসিংয়ের গেট খোলা দেখে একটি ট্রাক ক্রসিংয়ে উঠে পড়ে। ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক ও তার সহকারী।
রেল পুলিশের কর্মকর্তা শাহিদুল ইসলাম জানান, পণ্যবোঝাই ট্রাকটি যশোরের চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে রেলক্রসিং পার হওয়ার সময় সেটি খুলনাগামী রকেট মেইলের সামনে পড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরায়। মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, লেভেল ক্রসিংয়ে গেট খোলা থাকায় ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রেনটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ দুর্ঘটনার পর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও রেল কর্তৃপক্ষের উদ্যোগে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।