দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) স্কুল-কলেজের শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ করেছে। এ বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছে ইসি।
ইসির পক্ষ থেকে জারি করা পরিপত্রে বলা হয়, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাহার নিজের বা অন্যের পক্ষে নির্বাচনী প্রচারণায় সরকারি যানবাহন, সরকারি প্রচারযন্ত্রের ব্যবহার বা অন্যবিধ সরকারি সুবিধা ভোগ করিতে পারিবেন না এবং এতদুদ্দেশ্যে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী বা কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারিকে ব্যবহার করিতে পারিবেন না।
ইসির এই সিদ্ধান্তের ফলে আসন্ন নির্বাচনে শিক্ষকদের নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ থাকছে না।
জানা গেছে, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন শিক্ষক-কর্মচারি এ বিষয়ে বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনে শিক্ষকদের নিরপেক্ষতা নিশ্চিত করবে।