গাজীপুরের শ্রীপুরে রেললাইন কেটে মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতার ঘটনায় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবিরকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছে গাজীপুর মহানগরীর ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমন হোসেন।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান এ তথ্য জানান।
সিটিটিসি প্রধান জানান, বিএনপির ডাকা অবরোধে নাশকতার মাধ্যমে জনমনে ভীতি ও নির্বাচনকে বানচাল করতে এই নাশকতার পরিকল্পনা করা হয়। যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে কবির গাজীপুরে ছাত্রদলের দুই নেতার সঙ্গে যোগাযোগ করে। এদের মধ্যে একজন আজিম উদ্দিন কলেজের ছাত্রদলের আহ্বাক তোহা, আরেকজন গাজীপুর মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম।
তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী ১৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলা হয়। এতে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনযাত্রী আসলাম মিয়া নিহত ও লোকোমোটিভ মাস্টারসহ কয়েকজন গুরুতর আহত হন।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে কাটার ও রেললাইন কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
সিটিটিসি প্রধান আরও জানান, কবির ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ১০টি নাশকতার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এছাড়াও সে লেগুনা হেল্পারকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার আসামি।
এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মামলা হয়। ঘটনা তদন্তে রেলওয়ে, গাজীপুর জেলা প্রশাসন এবং রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা তিনটি কমিটি গঠন করা হয়েছে।