সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে এবং স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের ভিত্তিতে মাদারীপুরের কালকিনি থানার ওসি মোঃ নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। তবে সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপের পক্ষপাতিত্ব করার অভিযোগে তাকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার থেকে তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালকিনি থানার ওসি নাজমুল হাসান বিভিন্ন সময় আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আব্দুস সোবহান গোলাপের বিভিন্ন সভা সমাবেশে পক্ষপাতিত্বমূলক আচরণ করেন। এবং নির্বাচন চলাকালীন বর্তমান সংসদ সদস্যকে তিনি পুলিশ প্রটোকল দিয়ে আসছেন। এসব ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর তাহমিনা বেগমের পক্ষ থেকে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন। এসব অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের সুপারিশে ওসি নাজমুল হাসানকে কালকিনি থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।
অভিযোগের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, ‘শুক্রবার রাতে কালকিনি উপজেলার লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করায় এলাকায় নির্বাচনী পরিবেশের চরম অবনতি হয়েছে। থানাপুলিশ নৌকার পক্ষে সবসময় পক্ষপাতিত্ব করছেন। আমরা মাদারীপুর সদরের ওসির বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ দায়ের করব। তিনিও আমার সদরের নির্বাচনী এলাকার ৫টি ইউনিয়নে অপর একজন স্থানীয় সংসদের দ্বারা প্রভাবিত হয়ে আমার নির্বাচনী পরিবেশ নষ্ট করছে।’
এ ব্যাপারে মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম বলেন, কালকিনি থানার ওসি নাজমুল হাসানকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের নির্দেশে কালকিনি থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এবং নির্বাচন কমিশনের আদেশে আব্দুল্লাহ আল মামুন নামের একজন পরিদর্শককে কালকিনি থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।