রাজধানীর যাত্রাবাড়ী চিটাগাং রোড কাজলা এলাকায় একটি পিক-আপের সঙ্গে ধাক্কার একজন যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার ( ২৬ ডিসেম্বর ) সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত যুবক ইয়াসিন ওরফে বুলেট (১৯)। তিনি বরিশালের বিমানবন্দ থানার মুন্টু হাওলাদার ছেলে । বর্তমানে তিনি কদমতলী থানা আওতাধীন ধনিয়া মসজিদ গলি নামে এলাকায় বসবাস করতেন।
পরে নিহত ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজে ( ঢামেক ) নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহ সন্ধ্যা আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান,আজ সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই।সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমরা তাকে দেখতে পাই। এই ঘটনায় সে ঘটনাস্থলেই মারা যায়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
তিনি আরো বলেন, সে আগে লেগুনায় হেলপার হিসেবে কাজ করতো।পরে গতকাল সে সিটি কর্পোরেশনের গাড়ির টোল আদায় করার জন্য কাজে যোগ দেয়। আজ সকালে এই ঘটনা ঘটে।এই ঘটনায় গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি। আমরা আশপাশের সিসি ফুটেজ দেখে ওই গাড়িটি সনাক্তের চেষ্টা করছি।