ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ২১০০ সিসি ক্যামেরা

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ২১০০ সিসি ক্যামেরা
ক্যামেরাগুলো গুলশান থানা ভবনের চার তলায় অবস্থিত কন্ট্রোলরুম থেকে মনিটরিং করা হয়।

রাজধানী ঢাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি কার্যক্রম মনিটরিংয়ের লক্ষ্যে ২১০০ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা গুলশান, বনানী, বারিধারা, খিলক্ষেত, বিমানবন্দর, কারওয়ান বাজার, গাবতলীসহ গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশান থানা ভবনের চার তলায় অবস্থিত কন্ট্রোলরুম পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এসময় তার সঙ্গে আরও ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. হাবিবুর রহমান।

কন্ট্রোলরুম পরিদর্শনকালে আইজিপি বলেন, এসব ক্যামেরা ২৪ ঘণ্টা মনিটর করা হবে। এতে অপরাধ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়তা পাওয়া যাবে। এছাড়াও, অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ ও জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

আইজিপি বলেন, এসব ক্যামেরা স্থাপনের মাধ্যমে ঢাকা শহরের অপরাধপ্রবণতা কমাতে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।

ডিএমপি কমিশনার মোহা. হাবিবুর রহমান বলেন, এসব ক্যামেরা পুলিশি কার্যক্রমকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করবে। এছাড়াও, জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের কার্যক্রম আরও কার্যকর হবে।

পরিদর্শনকালে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।