এক সময় এসব বাড়িতে মানুষের বসবাস ছিল। হাসি, কান্না ছিল এই বাড়ির ভেতরে। এখন মানুষ নেই। বাড়িগুলোতে প্রতি সন্ধ্যায় কেউ প্রদীপ জ্বেলে দেয় না। অন্ধকারে ডুবে থাকা বাড়িগুলো ভূতের বাড়িতে পরিণত হয়েছে।
Google news
ভারতের দক্ষিণের রাজ্য কেরালা। এক রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে ১৮২টি দেশে কর্মরত কেরালার অনেক মানুষ। ২০১৮ সালের ‘কেরলা মাইগ্রেশন রিপোর্ট’ অনুযায়ী, ইতিমধ্যেই ২১ লাখ মালয়ালি বিদেশে পাড়ি দিয়েছেন। যদিও অনেকের দাবি, আসল সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি।
মালয়ালম ভাষায় ‘কেরল’ শব্দের অর্থ ‘নারকেলের দেশ’। ভারতের দক্ষিণ পশ্চিম প্রান্তে মালাবার উপকূল জুড়ে গড়ে ওঠা কেরলা ভারতের অন্যতম উন্নত রাজ্যগুলোর একটি। সৈকতের গায়ে আছড়ে পড়া আরব সাগরের ঢেউ, পর্বত, ঢেউ খেলানো সবুজ চা-বাগান, ঝর্ণা- সবমিলিয়ে গ্রাম্য জীবনের ছবি, রাজকীয় হাউসবোট, সংরক্ষিত অরণ্যে পাখি ও বন্যপ্রাণীর বিচরণ, কফি ও মশলার বাগান, আয়ুর্বেদিক চিকিৎসা ও স্পা— সব মিলিয়ে কেরালা সত্যিই যেন অপরূপা!
আর্থ-সামাজিক দিক দিয়ে ভারতের অনেক রাজ্যের থেকে এগিয়ে থাকার পরেও কেনো কেরালা ছাড়ার হিড়িক বাড়ছে?
এতদিন শোনা যেত, পাখিরা পরিযায়ী হয়। করোনা অতিমারিকালে দেখা গিয়েছিল, মানুষের মধ্যে এই স্বভাব রয়েছে। করোনার সময় দেখা গিয়েছিল, শ্রমিকেরা দলে দলে নিজেদের কর্মক্ষেত্র থেকে অন্য রাজ্যে, নিজের দেশ- গ্রামে ফিরে যাচ্ছেন। আবার অতিমারির প্রভাব কমতেই তারা দলে দলে কাজের খোঁজে বের হয়েছিলেন দূরের দেশে, কর্মক্ষেত্রে।
মানুষও পরিযায়ী আছেন। বিশেষ করে উন্নয়নশীল দেশের মানুষ, যারা ভাবেন, উন্নত দেশে গেলে হয়তো বাকি জীবনটা সুখে-শান্তিতে কাটাতে পারবেন। ভাবেন, এমন একটি দেশে থাকা ভালো, যেখানে আইনকানুন মানা হয়, ছেলেমেয়েদের পড়াশোনা ভালো হয়, যেখানে শেষ বয়সে একটি উন্নত স্বাস্থ্যপরিষেবা পাওয়া যাবে। মালয়ালিদের ক্ষেত্রেও বিষয়টা তেমনই।
কানাডায় গত দুই বছর ধরে রয়েছেন কেরালার বাসিন্দা অ্যালান রেগি ভার্গিস। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভালো চাকরি, ভালো বেতনের আশাতেই কেরালা ছেড়েছি। কানাডায় পরিকাঠামো অনেক ভাল। জীবনযাত্রার মানও উন্নত। স্বাধীনতাও অনেক বেশি।
অভিবাসী মালয়ালিদের মধ্যে অদক্ষ শ্রমিকরা, কাজের জন্য ছুটে গেছেন উপসাগরীয় দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইনে।
দক্ষ শ্রমিকদেরা ছুটে যান, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ছাড়াও ইউরোপের বহু দেশে। অনেকে পাকাপাকি ভাবে থাকতে শুরু করে দেন। এমনকি যুদ্ধ-বিধ্বস্ত প্যালেস্টাইন, সিরিয়া, ইউক্রেন, সোমালিয়া, আফগানিস্তানেও মালয়ালিদের দেখা মেলে।
শুধুমাত্র দেখা যায় না পাকিস্তান এবং উত্তর কোরিয়ায়। মালয়ালিদের মধ্যে কেরালা ছাড়ার হিড়িক এমনই যে রাজ্যে ‘ভূতুরে’ বাড়ির সংখ্যা বেড়েই চলেছে। কেরালায় পরিত্যক্ত বাড়ির সংখ্যা ইতিমধ্যেই ১২ লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছে।
পূর্বপুরুষের ভেঙে পড়া ভিটে থেকে অধুনা ঝাঁ চকচকে বাংলো— কেরালায় পরিত্যক্ত বাড়ির তালিকায় যুক্ত হয়েছে।
সেগুলোকে দেখে যে কেউ বলবে ভূতের বাড়ি। ভেতরে মানুষ নেই, মানুষের কলোরব নেই, ভূতের বাড়ি নয় তো কি!