ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীতে বড় রদবদল, সিজিএস হলেন ওয়াকার-উজ-জামান

সেনাবাহিনীতে বড় রদবদল, সিজিএস হলেন ওয়াকার-উজ-জামান
সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সেনাসদর থেকে এ আদেশ জারি হয়েছে। সেনাবাহিনী সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন সিজিএস লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯৮২ সালের ২৩ আগস্ট কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ১১ পদাতিক ডিভিশনের জিওসি, সেনাসদর দপ্তরের ডেপুটি চিফ অব স্টাফ (প্রশাসন) ও সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমান সিজিএস লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান চাকরি শেষে স্বাভাবিক অবসরে যাচ্ছেন।

এছাড়াও, সেনাবাহিনীতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদোন্নতি হয়েছে।

* নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামিমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে।
* চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাহিনুল হককে সেনাসদর দপ্তরে অর্ডন্যান্স মাস্টার জেনারেল বা এমজিও হিসেবে বদলি করা হয়েছে।
* বর্তমান লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইন খানকে নবম পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
* সেনাবাহিনীর পদাতিক ও যুদ্ধকৌশল বিদ্যাপীঠ বা এসআইএনটির কমান্ড্যান্ট মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেনকে লগ এরিয়া কমান্ডার,
* কুমিল্লার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইনুর রহমানকে চট্টগ্রামের এরিয়া কমান্ডার,
* বিআইআরসির কমান্ড্যান্ট মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে মেশিন টুলস ফ্যাক্টরিতে,
* ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শহিদুল ইমরানকে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে বিআইআরসিতে এবং
* ডিএমও ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসানকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে এসআইঅ্যান্ডটিতে বদলি করা হয়েছে।