ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতাকে ছুরিকাঘাত

দক্ষিণ কোরিয়ায় বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা লি জায়ে-মিউংকে ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বুসান সফরকালে হামলার শিকার হন তিনি। তার ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়।

Google news
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

খবরে বলা হয়েছে, ডেমোক্রেটিক নেতা লি স্থানীয় সময় মঙ্গলবার সকালে বুসানের একটি প্রস্তাবিত বিমানবন্দরের সাইট পরিদর্শন করার সময় অজ্ঞাত এক ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। লিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ডেমোক্রেটিক পার্টির একজন কর্মকর্তা এবং ফায়ার বিভাগের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ছুরিকাঘাতে লির ঘাড়ে প্রায় ১ সেন্টিমিটার গভীর ক্ষত হয়েছে। হাসপাতালে নেওয়ার সময় তার জ্ঞান ছিল।

ইয়োনহাপের খবরে বলা হয়েছে, হামলাকারীর বয়স ৫০ বা ৬০ বছরের বলে মনে হয়েছে। তিনি একটি অটোগ্রাফ চেয়ে লির কাছে যান, তারপর হঠাৎ করে এগিয়ে গিয়ে তাকে আক্রমণ করেন। হামলাকারীকে দমন করা হয় এবং ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয়েছে।

প্রকাশিত সংবাদের ছবিতে দেখা গেছে যে, লি তার চোখ বন্ধ করে মাটিতে শুয়ে আছেন এবং তার আশেপাশের অন্যান্য লোকেরা তার ঘাড়ের পাশে একটি রুমাল চেপে আছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি একটি অগ্রহণযোগ্য কাজ। প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তিনি লির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সর্বোত্তম চিকিৎসার নির্দেশ দিয়েছেন। লির দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রেসিডেন্ট।