দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।
মঙ্গলবার (২ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আনিছুর রহমান বলেন, “এবার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আমরা ব্যর্থ হলে রাষ্ট্রই ব্যর্থ হয়ে যাবে। দেশ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না।”
তিনি বলেন, “সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে। প্রশাসনে রদবদল হয়েছে অনেক, প্রয়োজন ছিল বলেই করা হয়েছে। কমিশনের একটাই নির্দেশনা-অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।”
আনিছুর রহমান বলেন, “কিছু সমমনা দল নির্বাচন প্রতিহতের ঘোষণা দিচ্ছে। অন্য যেকোনো নির্বাচনের তুলনায় এবার সহিংসতা কম হয়েছে। আশা করি, ২০১৪ সালে যে ব্যাপক সহিংসতা ও জানমালের ক্ষতি হয়েছিল এবার তা হবে না।”
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।