ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল পাঁচটি ফ্লাইট। এ সময় দুটি উড়োজাহাজ পার্কিংয়ের সময় একটির পাখার সঙ্গে অন্যটির পাখার ধাক্কা লাগে। এরপর ওই দুই উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে মেরামত করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় একটি ফ্লাইট। অপরটি মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ১০টা পর্যন্ত সিলেট ওসমানী বিমান বন্দরে অবস্থান করছে। আজ সকালে ঘটনাটি ঘটে।
Google news
সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেটে নেমেছিল পাঁচটি ফ্লাইট। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে পাঁচটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে ইউএস- বাংলার চারটি ও বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ছিল। উড়োজাহাজগুলো সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, ওমানের মাসকাট, চীনের গুয়াংজু, কাতারের দোহা ও সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে এসেছিল। ওসমানী বিমানবন্দরে ইউএস-বাংলার দুটি ফ্লাইট অবতরণ করার পর পার্কিংয়ের সময় শারজাহ ও গুয়াংজু থেকে আগত একটি উড়োজাহাজের পাখার সঙ্গে অপরটির পাখার ধাক্কা লাগে। এতে দুটি উড়োজাহাজেই ত্রুটি দেখা দেয়।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, পাঁচটি উড়োজাহাজের মধ্যে ৪টি যাত্রী নিয়ে সিলেট ত্যাগ করেছে। ইউএস বাংলার গুয়াংজু থেকে আগত উড়োজাহাজ যান্ত্রিক সমস্যার জন্য বিমানবন্দরে রয়েছে। সেটির মেরামতকাজ চলমান রয়েছে। মেরামতকাজ শেষ হলে ঢাকার উদ্দেশে রওনা হবে। যাত্রীদের সবাই ঢাকায় চলে গেছেন বলেও জানান তিনি।