দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণায় ততই জমে উঠেছে নির্বাচনী মাঠ। সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন এ আসেনর নৌকা ও স্বতন্ত্র প্রার্থী। চায়ের দোকানে আড্ডার ফাঁকে চলছে প্রার্থীদের নিয়ে আলাপ-আলোচনা। পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নির্বাচনকে সামনে রেখে তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন নৌকা ও স্বতন্ত্র প্রার্থী। ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে প্রচার চালাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিদিন আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ এবং স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম তাদের নিজ নিজ অবস্থান থেকে পরামর্শমূলক সভা, পথসভা, উঠান বৈঠক এবং মাইকিং করে যাচ্ছেন। এবং তারা দু’জনই বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এদিকে এ আসনে আরো ৬জন প্রার্থী থাকলেও মাঠে তাদের তেমন কোন প্রচার-প্রচারনা দেখা যায় না।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানিয়েছে, মাদারীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৮ হাজার ৩৪০ জন। আগামী ৭ জানুয়ারি ১৩৪ টি ভোট কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।