দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে ভোটারদের অবহিত করতে শনিবার (৬ জানুয়ারি) রাত ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, আগামী রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে। সিইসির ভাষণে জাতিকে সংসদ নির্বাচনে ভোট দেওয়াসহ সুষ্ঠু নির্বাচনে প্রার্থীদের আহ্বান জানাবেন।
সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হবে।
এর আগে, গত ১৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন সিইসি। ওই ভাষণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
১৫ নভেম্বরের ভাষণে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল। নির্বাচন ভবনের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছিল। এদিন কয়েকটি রাস্তায় যান চলাচল সীমিতও রাখা হয়েছিল।