ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে নির্যাতন ও শ্বাসরোধে নারীর হত্যা

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিমপাড়া এলাকায় নির্যাতন ও শ্বাসরোধে এক নারীর হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম আছিয়া বেগম (৩০)। তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চাকুরিয়া হাওল ভাঙ্গা এলাকার আমির হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, গত রাতে কোন এক সময় তাকে শারীরিকভাবে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ওসি জিয়াউল ইসলাম জানান, এটি একটি হত্যার ঘটনা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।