ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি, কেবিনে হস্তান্তর

খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি, কেবিনে হস্তান্তর
খালেদা জিয়া (ফাইল ছবি)

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে সিসিইউ থেকে কেবিনে হস্তান্তর করা হয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এজেএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, “খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল। পরে আবারও কেবিনে নেওয়া হয়েছে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল।”

তিনি বলেন, “খালেদা জিয়ার শরীরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। পরীক্ষার ফল সন্তোষজনক।”

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসহ নানা রোগে ভুগছেন।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে বহুবার আবেদন করা হলেও অনুমতি মেলেনি। এ পরিস্থিতিতে গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেত্রীর রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়।

২০১৮ সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দির পর খালেদা জিয়া একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রী অসুস্থতার মধ্যে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ২০২৩ সালের ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি।