ঢাকা-৪ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। পাশাপাশি নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে অবিলম্বে শপথ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সংসদ সচিবালয়ের সচিবকে তার শপথের আয়োজন করতে বলা হয়েছে।
Google news
বুধবার (১০ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
আদালত আদেশে বলেছেন, রিটকারী সানজিদা খানম চাইলে যথাযথ নিয়মে হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করতে পারবেন।
আদালতে আওলাদ হোসেনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। ইসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।
সানজিদা খানমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এবিএম আলতাফ হোসেন, মোতাহার হোসেন সাজু, আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
এর আগে, গতকাল মঙ্গলবার বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি ড. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ ওই আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সানজিদা খানমের আবেদনে ফলাফল স্থগিত করেন। একই সঙ্গে সানজিদা খানম যে ১৮ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ চেয়েছেন তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ স্থগিত করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়ে তিন সপ্তাহের রুলও জারি করেন আদালত।
পরে আজ বুধবার সকালে ঢাকা-৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনের ফল স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদন করেন বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন।