ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা

প্রকৃতিতে বইছে পৌষালী বাতাস। সেই সঙ্গে ঘন কুয়াশার দাপটে কনকনে ঠান্ডা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তবে এর পরের বর্ধিত পাঁচ দিনে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার সকালে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

এই তিন দিন সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র এটি অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, শুক্রবার ও শনিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী পাঁচ দিনে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।