গাজার এক হাসপাতালে গতকাল বুধবার ইসরাইলি হামলায় কমপক্ষে ৪০ জন হতাহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেইর আল বালাহর আল আকসা হাসপাতালের কাছে ওই হামলা চালানো হয়।
এদিকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বুধবার সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আগের দিন তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠক শেষে তেল আবিবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজায় যুদ্ধে সাধারণ মানুষ বিশেষ করে শিশুদের নিহত হওয়ার হার অনেক বেশি।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বুধবারের দেওয়া হিসেবে, আগের ২৪ ঘণ্টায় ইসরাইলি হত্যার শিকার হয়েছে ১৪৭ ফিলিস্তিনি। সবমিলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৫৭ জনে। আর আহতের সংখ্যা ৫৯ হাজার ৪১০।
মধ্যপ্রাচ্য সফররত ব্লিঙ্কেন ইতিমধ্যেই বলেছেন, যুক্তরাষ্ট্র তার মিত্রদের সমর্থন জুগিয়ে যাবে। তবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আটকে পড়াদের সুরক্ষার জন্য আরও বেশি পদক্ষেপ নিতে হবে ইসরাইলকে। এদিকে গাজাযুদ্ধ ওই অঞ্চলে বিশেষ করে লেবাননে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেখানে যুদ্ধ চলাকালেই ইসরাইলের হামলায় লেবানন এবং সিরিয়ায় হামাস ও হিজবুল্লাহর একাধিক জ্যেষ্ঠ নেতা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে নতুন করে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন ব্লিঙ্কেন। গত ৭ অক্টোবর গাজাযুদ্ধ শুরু হওয়ার পর এটি তার চতুর্থ মধ্যপ্রাচ্য সফর।
আব্বাসের সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিজেদের সংস্কার এবং শাসন ব্যবস্থাকে আরও উন্নত করার বিষয়ে আলোচনা করবেন বলে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নিজেই জানিয়েছে ব্লিঙ্কেন। ওয়াশিংটন চাইছে, গাজাযুদ্ধ শেষ হওয়ার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজার শাসনভার গ্রহণ করুক। ফিলিস্তিন কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরের অল্প কয়েকটি অঞ্চল শাসন করে। সেখানে বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণই ইসরাইলের হাতে। দেশটি ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে।
ফিলিস্তিন কর্তৃপক্ষ এই আশায় রয়েছে, একদিন গাজা এবং পশ্চিম তীর মিলে একটি ফিলিস্তিনি সরকার গঠিত হবে। ব্লিঙ্কেন ইসরাইল যাওয়ার আগে ওয়াশিংটনের মিত্র কয়েকটি আরব দেশে সফর করছেন। ওই সফরের বিষয়ে এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে রাজি আছে। তবে সেটা শুধু তখনই সম্ভব হবে যখন একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ‘বাস্তব পথরেখা’ তৈরি হবে।
নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভা ওয়াশিংটনের এই প্রস্তাবে কীভাবে সাড়া দিয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি ব্লিঙ্কেন। তবে বলেন, ‘আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই সুযোগের সদ্ব্যবহার করতে হলে ইসরাইলকে কঠিন সিদ্ধান্ত, কঠিন পছন্দ বেছে নিতে হবে।’
ইসরাইলি সেনাদের মৃতের সংখ্যা ৫০ ছাড়াল : ইসরাইলের সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযানে অংশ নেওয়া আরও ২ সেনা নিহত হয়েছেন। নতুন করে আরও ২ জন নিহত হওয়ার মাধ্যমে গাজায় ইসরাইলি সেনাদের মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়ে ৫১ জনে পৌঁছেছে।