গাজীপুর—২ আসনের সদ্য বিজয়ী সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, আমার এলাকার মানুষ আমাকে ভালবেসে পরপর পাঁচবার নিবার্চিত করেছেন। আজ আমি আনন্দিত ও কৃতজ্ঞ। আমি আগামীতে মানুষের এ ভালবাসার মূল্য দেবো। আমার বাবা আহসান উল্লাহ মাস্টারকে দুস্কৃতিকারীরা প্রকাশ্য দিবালোকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে, যা আমার জীবনে সবচেয়ে কষ্টদায়ক ঘটনা । কিন্তু এলাকার আপামর জনগণ আমাকে বার বার বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। টঙ্গী—গাজীপুরের মানুষ আমাকে ভালোবেসে পিতৃস্নেহে আবদ্ধ করে রেখেছেন। আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না।গত মঙ্গলবার টঙ্গী নোয়াগাও এলাকার নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম—সম্পাদক মতিউর রহমান মতি, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী বিল্লাল হোসেন মোল্লা, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো: রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা খালেদ সাইফুল্লাহ সেলিম, ইয়াছিন মিয়া প্রমুখ।
এ সময় সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা জাহিদ আহসান রাসেল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।