ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিপিএ ৫ পাওয়ার অসুস্থ প্রতিযোগীতা থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে হবে : দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা জিপিএ ৫ পাচ্ছি অথবা ডিগ্রী অর্জন করছি কিন্তু বাস্তব জীবনে আমরা দক্ষতা দেখতে পারছি না। অনেক ক্ষেত্রে আমরা যথাযথভাবে বাংলা অথবা ইংরেজীতে ভাব বিনিময় করতে পারি না। যা বুঝাতে চাই তা আমরা যথাযথ ভাষা প্রয়োগের মাধ্যমে বুঝাতে পারি না। তার মানে হল আমরা যে পদ্ধতিতে মেধার মুল্যায়ন করে ডিগ্রী প্রদান করি সে পদ্ধতিতে ত্রুটি রয়েছে।

তিনি বলেন আমরা বিগত দশ বছরে শিশুকে বিদ্যালয়মুখী করতে সক্ষম হয়েছি। এখন আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করে তার গুনগত মান উন্নয়ন করতে হবে। তিনি বলেন চতুর্থ শিল্প বিপ্লবের কারণে প্রচুর শ্রমিক চাকরী হারাবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করতে হবে। শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। শিক্ষাখাতে যে দেশ যত বেশী বিনিয়োগ করেছে সে দেশ তত বেশী উন্নত হয়েছে। তিনি আজ সকালে রাজধানীর বাংলা একাডেমীর আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনাতয়নে, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আইসিটি ডিভিশন এবং এটু আই প্রোগ্রামের আয়োজনে, শিক্ষক সম্মেলন ২০১৯ এর উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

শিক্ষক সম্মেলনে আমার গ্রাম – আমার শহর, আমার- শিক্ষা শিরোনামে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো: গোলাম ফারুক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: গিয়াস উদ্দীন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো: সোহেল আহমেদ, এটু আই প্রোগ্রামের প্রকল্প পরিচালক, মোস্তাফিজুর রহমান। প্যানেল আলোচনার মডারেটর ছিল মো: অনির চৌধুরী।

উপমন্ত্রী বলেন শিক্ষার গুনগত মান উন্নয়নে স্কুল ব্যবস্থপনা কমিটির ভুমিকা গুরুত্বর্পূণ। বেশীর ভাগ ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা অথবা প্রভাবশালীরা স্কুল ব্যবস্থাপনা কমিটিতে থাকে। সেক্ষেত্রে তারা শিক্ষার গুনগত মানের দিকে বেশী খেয়াল রাখেন না। এই বিষয়টি আমাদের ভাবতে হবে। তিনি বলেন জ্ঞান ও প্রযুক্তির উপর উন্নত বিশ্বের যে একচ্ছত্র আধিপত্য ছিল তা কমে এসেছে। এটি অত্যন্ত আশার দিক।

উল্লেখ্য, এটু আই প্রোগ্রামের মাধ্যমে “শিক্ষক বাতায়ন” নামে একটি ওয়েব পোর্টাল আছে। ঐ ওয়েব পোর্টালে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার শিক্ষক যুক্ত আছে। সংযুক্ত শিক্ষকবৃন্দ এই ওয়েব পোর্টালে কনটেন্ট আপলোড করে । আপলোড করা কনটেন্ট বিচার বিশ্লেষণ করে প্রতি সপ্তাহে তিন জন শ্রেষ্ঠ শিক্ষক নির্ধারণ করা হয়। গত এক বছরে যারা শ্রেষ্ঠ শিক্ষক হয়েছে তাদের অংশ গ্রহণে আজ এই শিক্ষক সম্মেলন।