ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইজতেমা সফল করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে:স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিশ্ব ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিদ্যমান দুই গ্রুপ আলাদাভাবে দুই পর্বে ইজতেমা করছে। কাজেই নতুন করে ভুল বোঝাবুঝির কিছু নেই। আশা করি কোনো সমস্যা হবে না, উভয় গ্রুপই সুন্দরভাবে শেষ করবে। বিদেশি মেহমানদের জন্য বিগত বছরের তুলনায় এবার আরও সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে।
আজ সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে আসন্ন ৫৭তম বিশ্ব ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা-সংক্রান্ত ফলোআপ সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, আনসার থাকবে। পুলিশের সাইবার ইউনিট থাকবে। প্রয়োজনে বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হবে। আসন্ন ইজতেমা ২০২৪ উদযাপনে সার্বিক সহযোগিতা প্রদান সহ সকল স্তরের নিরাপত্তা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণের কথা জানান। আসন্ন ইজতেমা ২০২৪ পালনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকলকেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, গাজীপুর-২ সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম , সিটি মেয়রের উপদেষ্টা সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর পুলিশ কমিশনার মাহবুব আলম সহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রতিনিধি ও ইজতেমা আয়োজক কমিটির সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক বলেন, ‘ইজতেমার মুসল্লিদের দুর্ভোগ কমাতে ভোগড়া বাইপাস ৩০০ ফুটের রাস্তার কাজ বন্ধ রেখে যান চলাচল চালু করলে ভালো হয়।’
ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, অতীতের ভুলগুলো খেয়ালে আনতে হবে। আজ ইজতেমায় দুই গ্রুপ হওয়ায় অসংগতি হচ্ছে। দুই গ্রুপের বিভেদ দুঃখজনক।
স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল বলেন, ‘অতীতের মতো এবারও ইজতেমা সুন্দর হবে। একটা সময় টয়লেট সুবিধা চাননি। কিন্তু এখন এটার গুরুত্ব বুঝতে পারছেন। আমরা পানির সাপ্লাই নিশ্চিত করতে পেরেছি।
ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) আবদুল্লাহ আল মামুন বলেন, বিশ্ব ইজতেমা সাফল্য করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দিয়াবাড়ী এলাকায় একটা মঞ্চ করবে বলেছে, কিন্তু অনুমতি ছাড়াই তারা মঞ্চ করে ফেলেছেন। এটার অনুমতি দেওয়া হয়নি। আমরা চাই, আপনারা ভবিষ্যতে যৌথভাবে কাজ করবেন।প্রথম পর্বের প্রতিনিধি খন্দকার মেজবাহ উদ্দিন আহমদ বলেন, এই বাংলাদেশের ইজতেমা মানুষের রক্তের সাথে মনের সাথে মিশে গেছে। প্রথম পর্বের হস্তান্তরের সময় কোনো সমস্যা হবে না বলে তিনি জানান।
দ্বিতীয় পর্বের প্রতিনিধি ড. মোহাম্মদ আব্দুস সালাম বলেন, সোমবার বা মঙ্গলবার বাদ মাগরিব আমাদের মাঠ দিয়ে দিতে অনুরোধ করছি। গতকাল প্রথম পর্বের লোকজন উত্তরায় আমাদের একজনকে মারধর করা হয়েছে। আহত এখম পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন।
গাজীপুর পুলিশের উপকমিশনার আবুল বাশার মো. আতিকুল রহমান বলেন, ‘বিশ্ব ইজতেমার আইন-শৃক্সখলা পরিস্থিতির মানচিত্র প্রদর্শন করা হবে। বিশেষ করে এবার ২০০টি স্মার্ট সিসি ক্যামেরা থাকবে।
টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, বিশ্ব ইজতেমা ময়দানে প্রস্তুতির কাজ চলছে। অন্যবারের চেয়ে এবার ময়দানে আগত দেশ-বিদেশের মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অধিক তৎপর থাকবে। এরই মধ্যে প্রায় ৭৫ শতাংশ প্রস্তুতি কাজ সম্পন্ন হয়েছে।
আগামী ২ ফেরুয়ারী শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে মাওলানা যোবায়েরপন্থি মুসল্লিরা অংশ নেবেন। চার দিন বিরতির পর ৯ ফেরুয়ারী শুরু হবে দ্বিতীয় পর্ব। এতে অংশ নেবেন মাওলানা সাদপন্থি মুসল্লিরা।