ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবেশে চালককে কু’পিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ১

যাত্রীবেশে চালককে কু’পিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ১
ছিনতাইকারীকে গ্রেপ্তারসহ ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

সাভারে যাত্রীবেশে চালককে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে রিকশা ছিনতাইয়ের ঘটনায় সাগর মিয়া (২২) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার সাগর মিয়াকে প্রিজন ভ্যানে করে অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় আরও দুইজন পলাতক রয়েছে বলে জানা গেছে। এর আগে ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে সাভারের জামসিং সোলেমান মার্কেট এলাকার একটি নির্জন স্থান থেকে অটোরিকশা চালককে কুপিয়ে রিকশা ছিনতাই করে তিন ছিনতাইকারী। এসময় ঘটনাস্থল থেকে একটি রাম দা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া সাগর মিয়া সাভারের রেডিও কলোনির ভাটপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি চিহ্নিত ছিনতাইকারী। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভারের ছায়াবীথি এলাকায় দুইজন ছিনতাইকারী যাত্রীবেশে ভুক্তভোগী আব্দুল করিমের অটোরিকশায় ওঠেন। তারা ওই এলাকার সোলেমান মার্কেটে যেতে চান। কিছুদূর যেতেই পরিচিত বলে আরেকজন ছিনতাইকারীকে রিকশায় তুলেন নেন অপর দুইজন। রিকশাচালক তাকে সোলেমান মার্কেটে নিয়ে গেলে পুকুরপাড়ে নিয়ে যেতে বলেন। পুকুর পাড়ে যাওয়া মাত্রই যাত্রীবেশে থাকা ছিনতাইকারী রাম দা ও চাপাতি দিয়ে করিমকে ভয় দেখানোর চেষ্টা করে। রিকশাচালক প্রতিবাদ করলে তাকে কুপিয়ে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়। স্থানীয়রা চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে মামলা দায়ের হলে পুলিশ গতকাল রাতে একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠায়।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মজিবুর রহমান ভুঁইয়া বলেন, বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গতকাল সাগরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।