পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার ৯ ঘণ্টারও বেশি সময় পর ফল ঘোষণা শুরু করেছে দেশেটির নির্বাচন কমিশন ইসিপি।
ভোটে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থীদের জয়ের খবর পাওয়া যাচ্ছে বেশি। এখন পর্যন্ত ফল ঘোষণা হওয়া ৩০ আসনের মধ্যে পিটিআই সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন ১৩টিতে, নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল) পেয়েছে ৯টি আর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৬টি আসন।
এ অবস্থায় নওয়াজকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে পিটিআই।
পার্টির এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে নওয়াজ শরীফকে উদ্দেশ্য করে পিটিআই বলেছে, “পরাজয় মেনে নিন! পাকিস্তানের মানুষ আপনাকে কখনোই মেনে নেবে না। গণতন্ত্রী হিসেবে কিছুটা বিশ্বাসযোগ্যতা ফিরে পাওয়ার এটি একটি সুবর্ণ সুযোগ। দিবালোকে ডাকাতি পাকিস্তান ব্যাপকভাবে প্রত্যাখ্যান করতে চলেছে।” খবর ডনের।
ভোটের পরে বৃহস্পতিবার রাতে পিটিআইয়ের কেন্দ্রীয় সেক্রেটারি ইনফরমেশন রওফ হাসান দাবি করেন, তার দল ‘বিশাল ব্যবধানে’ কমপক্ষে ১২৫টি জাতীয় পরিষদের আসনে এগিয়ে রয়েছে।
পার্টির এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে, আমরা কেন্দ্রে এবং চারটি প্রদেশের মধ্যে অন্তত দুটিতে সরকার গঠন করার অবস্থানে থাকব।”
তিনি ইমরান খানের নেতৃত্বে আস্থা রাখার জন্য জনগণকে ধন্যবাদ জানান।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। এমনকি তাদের নির্বাচনি প্রতীকও ছিনিয়ে নেওয়া হয়েছিল। পিটিআই এর প্রার্থীদের স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিতে হয়।
ডনের লাইভ আপটেটে পিটিআই সর্মথিত প্রার্থীদেরই বেশি জয় দেখা যাচ্ছে। এছাড়া পাকিস্তানের স্থানীয় টিভি চ্যানেলগুলোতে অনানুষ্ঠানিক ফলাফলে স্বতন্ত্র প্রার্থীরা বেশিরভাগ নির্বাচনি এলাকায় এগিয়ে রয়েছেন বলে দেখানো হয়েছে। এর মধ্যে ইমরানের দলের মনোনয়ন দেওয়া ডজন খানেক অভিষিক্ত প্রার্থীও রয়েছেন।