মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরমোহাম্মদ হাওলাদারের বিরুদ্ধে ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ওই জমি খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে ট্রলি ও ট্রাকে করে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। কৃষি জমি নষ্ট করে মাছের চাষ করার নামে মাটি কেটে বিক্রি করছে মাটি খেকো ওই চেয়ারম্যান। এতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, পুকুর ও ঘের খননের নামে সংকুচিত হচ্ছে ফসলি জমি। তবে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে মাটি কাটছেন বলে দাবী করছেন ওই চেয়ারম্যান। এদিকে ফসলি জমি থেকে মাটি কাটার বিষয়ে চেয়ারম্যানকে প্রশাসন কোন অনুমতি দেননি বলে জানিয়েছেন উপজেলা সহকারি কমিশনার ভূমি। অপরদিকে প্রতিবছর ইট তৈরীর মৌসুম আসলেই ওই চেয়ারম্যান ফসলি জমির মাটি বিক্রি করে আসছেন বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
আজ সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, চেয়ারম্যান নুরমোহাম্মদ হাওলাদারের মালিকানাধীন ফসলি জমির মাটি ৬-৭ দিন ধরে ভেকু দিয়ে গভীর গর্ত করে ট্রাকে ও ট্রলিতে তোলা হচ্ছে। এবং সেই মাটি নেওয়া হচ্ছে উপজেলার বিভিন্ন ইটের ভাটায়। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নুরমোহাম্মদ হাওলাদারের ফসলি জমিতে মাছের ঘের করার নামে ১০-১২ ফুট গভীর করে মাটি বিক্রি করা হচ্ছে ইটভাটায়। এবং ফসলি জমি নষ্ট করে রাস্তা তৈরী করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাকে ও ট্রলিতে করে এসব মাটি নেওয়া হচ্ছে ভাটায়। এর ফলে পার্শ্ববর্তী ফসলি জমি বর্ষা মৌসুমে বৃষ্টিতে ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন পার্শ্ববর্তী জমির মালিকরা।
উপজেলার মাসফিক হাসান ও তাওসিফ হাসানসহ বেশ কয়েকজন সচেতন ব্যক্তি বলেন, জেলা প্রশাসন বিভিন্ন সভা সেমিনারে বলেছেন, কারও এক টুকরো জমিও যেন পতিত পড়ে না থাকে। এমনকি প্রধানমন্ত্রীও বিভিন্ন সময় তার বক্তব্যে জমি পতিত ফেলে না রাখতে বলেন। কিন্তু জমির মালিকরা টাকার লোভে মাটি বিক্রি করে দিচ্ছেন। আর মাটি খেকোরা ফসলি জমির মাটি কিনে ভাটায় বিক্রি করছেন। এ অবস্থা কোনোভাবেই কাম্য নয়।
মো. সরোয়ার হোসেন বলেন, প্রতিবছর ইট তৈরীর মৌসুম আসলেই নুরমোহাম্মদ চেয়ারম্যান ফসলি জমির মাটি বিক্রি করেন।
ইউপি চেয়ারম্যান নুরমোহাম্মদ হাওলাদার বলেন, ইউএনও এবং এ্যাসিল্যান্ডে অনুমতি নিয়ে ফসলি জমির মাটি কাটতেছি।
উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. সাইদুজ্জামান হিমু বলেন, মাটি কাটার বিষয়ে আমরা কোন অনুমতি দেইনি।
উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন, চেয়ারম্যানের মাটি কাটার বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান বলেন, বিষয়টি আমি দেখতেছি।