২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা প্রথমদিনে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় সারাদেশে অনুপস্থিত ছিল ৯ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিত ঢাকা বোর্ডে, আর কম সিলেট বোর্ডে। এছাড়া অসদুপায় অবলম্বন করায় ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করায় বহিষ্কার হয়েছেন কুমিল্লা বোর্ডের একজন কক্ষ পরিদর্শকেও।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ‘নিয়ন্ত্রণ কক্ষ’ থেকে এ তথ্য জানানো হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, দেশের ১১টি বোর্ডে চলতি বছর মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ছাত্র ৯ লাখ ৯২ হাজার ৮৭৮ জন এবং ছাত্রী ১০ লাখ ৩১ হাজার ৩১৪ জন। মোট কেন্দ্র ৩ হাজার ৭০০টি। শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ৭৩৫টি।
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৪ লাখ ৪ হাজার ৬৩৭ পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এছাড়া রাজশাহীতে ২ লাখ ২৪৫ জন, কুমিল্লায় ১ লাখ ৮০ হাজার ৫২৭, যশোরে ১ লাখ ৫৯ হাজার ৩৭১, চট্টগ্রামে ১ লাখ ৪৫ হাজার ৫৯০, বরিশালে ৮৮ হাজার ৫৮৬, সিলেটে ১ লাখ ৯ হাজার ৪১২, দিনাজপুরে ১ লাখ ৯৯ হাজার ৪৩৬ এবং ময়মনসিংহে ১ লাখ ১৯ হাজার ৭৫ জন।
মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন। তাদের মধ্যে ছাত্র ৯৪ হাজর ৮৪১ জন এবং ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন। আর কারিগরি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৬হাজার ৩৭৩ জন। এরমধ্যে ছাত্র ৯৪ হাজার ৮৪১ জন এবং ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন।
আজ সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে প্রথম দিনে আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে কুরআন মজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।