রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত নারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম নাঈমা ছাত্তার (৩৫)।
নিহত নাঈমা ছাত্তারের চাচা জিহাদুল ইসলাম সুমন জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার লালপুর দর্জিপাড়া গ্রামে। বর্তমানে বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় ভাড়া থাকেন। নাঈমার বাবা আব্দুল ছাত্তার অনেক আগেই মারা গেছেন।
তিনি বলেন, পুলিশের মাধ্যমে খবর পাই, নাঈমা মগবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় মারা গেছে। পরে হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করি। প্রতিদিনের মতো আজও নাইমা সকালে হাঁটতে বের হয়েছিল। সে ডিআইটি প্রজেক্ট এলাকাতেই হাঁটতো। কিন্তু আজ মগবাজার এলাকায় কেন গিয়েছিল আমাদের জানা নেই।
গত আট বছর আগে বিয়ে হয়েছিল নাঈমার। ছয়মাস সংসার করার পর বিচ্ছেদ হয়ে যায়। এরপর আর বিয়ে করে নাই। বাড্ডায় মা ভাইদের কাছে থাকতেন। তবে বিচ্ছেদের পর থেকেই হতাশায় ভুগছিলেন।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফারুক আহাম্মদ জানান, সকালে মগবাজার রেলগেটের পাশে ট্রেনের ধাক্কায় মারা যান ওই নারী। পরে আঙ্গুলের ছাপের মাধ্যমে ওই নারীর পরিচয় শনাক্ত হয়।
তিনি আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এরআগে, শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মগবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় প্রথমে আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তমিজ উদ্দিন জানান, মগবাজার এলাকায় কমলাপুরগামী একটি ট্রেন চলে যাওয়ার পর ওই নারী রেললাইন পার হচ্ছিলেন। ঠিক তখনই বিপরীত দিক থেকে আরেকটি ট্রেন চলে আসে। তখন সেই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে মারা যান।