কিশোরগঞ্জ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে সাত দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের আলোর মেলাস্থ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এই মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর উপজেলা) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন গুরুদয়াল সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক কাজী করিম উল্লাহ।
পরে সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ও অন্যান্য অতিথিরা বই মেলার স্টল পরিদর্শন করেন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৭ দিনব্যাপী বই মেলায় বিভিন্ন লাইব্রেরি ও প্রকাশনীর ৩০টি স্টল আছে।