মাদারীপুর সদর হাসপাতালে ভর্তিকৃত রোগী অক্সিজেনের অভাবে মারা যাওয়ার অভিযোগ উঠেছে কর্তব্যরত নার্সের বিরুদ্ধে। শহরের পুরানবাজারের পান বিক্রেতা ও মাদারীপুর পৌরসভার আমিরাবাদ এলাকার রামজীবন দাসের ছেলে শ্যামল দাস (৫৫) রোববার রাত ৮ টার দিকে মারা যান।
নার্সদের দায়িত্ব অবহেলায় পান বিক্রেতার মৃত্যু হয়েছে উল্লেখ করে এই ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও স্থানীয়রা।
জানা গেছে, মেরুদন্ডের ব্যথা নিয়ে রোববার বিকেলে ৫টার দিকে জেলা সদর হাসপাতালে ভর্তি হন পান বিক্রেতা শ্যামল দাস। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিয়াদ মাহমুদ চিকিৎসাপত্র দিয়ে ভবনের ছয়তলায় ভর্তি দেন রোগীকে। ভর্তি হলে চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখে রোগীকে ব্যথার ইনজেনশন পুশ করেন কর্তব্যরত নার্স সুজাতা।
পরে রোগীর প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেনের অভাবে সারা শরীরে ব্যথার যন্ত্রনায় ছটপট করতে থাকেন শ্যামল। এ সময় নার্সকে অক্সিজেন দেয়ার কথা বললে, ব্যস্ততা দেখিয়ে অন্য কাজে মনযোগ দেন তিনি। শ্বাসকষ্ট নিয়ে রাত ৮ টার দিকে মারা যান শ্যামল।
শ্যামল দাসের ছোটভাই শংকর দাস অভিযোগ করে বলেন, হাসপাতালে ভর্তি হবার পর আমার ভাইকে সঠিকভাবে চিকিৎসা দেয়া হয়নি। ভাইয়ের শ্বাসকষ্ট শুরু হলে তাকে অক্সিজেন দেয়া হয়নি। তাই অল্পসময়ের মধ্যে আমার ভাই মারা গেছে। এই ঘটনার বিচার চাই।
মাদারীপুরের সিভিল সার্জণ ও জেলা সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. মুনীর আহম্মেদ খান বলেন, হাসপাতাল থেকে কর্তব্যরত চিকিৎসক বিষয়টি আমাকে অবগত করেছে। ঘটনা কী ঘটেছে, সবকিছুই পর্যলোচনা করে নার্সের দোষ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হচ্ছে, এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।