মাদারীপুরের কালকিনিতে একটি হেরিং বন্ডের রাস্তায় নিন্ম মানের সামগ্রী ব্যবহার করার অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল। আজ বুধবার দুপুরে উপজেলার রমজানপুর এলাকায় এ কাজ বন্ধ করা হয়।
উপজেলা প্রকল্প অফিস ও সরেজমিন সুত্রে জানা গেছে, উপজেলার রমজানপুর ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের আসলাম খানের বাড়ি থেকে মহিশমাড়ি কালামিয়া শিকদারের বাড়ি পর্যন্ত ৪২ লক্ষ্য ৬৪ হাজার টাকা বরাদ্দের ৫০০ মিটার রাস্তা তৈরীর কাজ শুরু করেন শেখ মিঠু এন্টার প্রাইজ। ওই রাস্তায় নিম্ন মানের ইট ব্যবহার করার খবর পেয়ে সরেজমিনে গিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল ও উপ-সহকারি প্রকৌশলী তনু চন্দ্র কর রাস্তার কাজটি বন্ধ করে দেন। এবং নিন্ম মানের ইট অপসারণ করে দেন।
কালকিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, ঠিকাদার সিডিউল অনুসারে ইট ব্যবহার না করায় হেরিং বন্ডের রাস্তা নির্মানের কাজ বন্ধ করে দেয়া হয়েছে।