প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সম্পত্তি বেহাত করার জন্য যে জাতীয় পরিচয় পত্র (এনআইডি) কার্ড করা হয় আমি হয়তো ভুল করে দিতে পারি। কিন্তু সচেতনভাবে অপরাধের অংশ হিসেবে যদি এটা আমরা করে থাকি তা হলে আমাদের টলারেন্স জিরো হবে। এনআইডি সংক্রান্ত দুর্নীতিতে আমরা কোনো ছাড় দেব না। আমরা ওই ধরনের কর্মকর্তাকে পুলিশে হস্তান্তর করতে দ্বিধান্বিত হব না।
শনিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা, ইসি সচিব মো. জাহাংগীর আলমসহ সংস্থাটির সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সিইসি বলেন, এনআইডির গুরুত্ব অনেক বেড়েছে। এটা এখন অপরিহার্য। সম্পত্তি ভাগাভাগি নিয়ে অনেক সময় সংকট দেখা যায়। এটা এখনও যায়নি। তবে আগের চেয়ে এনআইডি এখন অনেকটাই সুষ্ঠু অবস্থায় এসে পৌঁছেছে। এটা ছাড়া অনেক কাজ এখন আমিও করতে পারব না।
সিইসি বলেন, খুব বেশি নয়, যারা অতি চালাক তারা একাধিক কার্ড করে ফেলেন। তাই আমাদের কর্মকর্তারা সতর্কতার সঙ্গে কাজ করবেন। এখন এনআইডিরই বাই প্রোডাক্ট হয়ে গেছে ভোটার কার্ড। এনআইডি বিষয় আজ নয়, আজ ভোটার দিবস। কীভাবে এটি বর্তমান পর্যায়ে এলো এটি ইতিহাসের একটা বিষয়।
তিনি বলেন, ভোটারের বিষয় যখন হয় তখন প্রতিনিধিত্বের বিষয় আসে। আমরা ইতিহাস বেশি জানি না। আগে কলোনি ছিল, তার আগে রাজত্ব ছিল, ভোটাধিকার ছিল না। ব্রিটিশ এসে ভোটাধিকার দিল। সবচেয়ে বড় নির্বাচন হয় প্রথম ১৯৩৫ সালে।
সিইসি বলেন, ভোটকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের প্রয়োজন পড়েছিল বঙ্গবন্ধুর ডাকে। আমরা স্বাধীনতা পেলাম। এরপর সংবিধান পেলাম, যেখানে নির্বাচনের বিষয়টা আছে। নির্বাচন করতে গেলে ভোটারের প্রয়োজন হয়। এতে ভোটারের রায়েই যেন প্রতিনিধিত্ব আসে সেটাই লক্ষ্য।
তিনি বলেন, একটা বড় দল নির্বাচনে আসেনি। তাই অনেক ভোটার না এসে থাকতে পারে। আমার কাজ হলো ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা। সে দিক থেকে নির্বাচন কমিশনের ওপর বড় দায়িত্ব রয়েছে। আমাদের স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করতে হবে। তবে যারা শক্তিশালী তারা অন্যের স্বাধীনতা পছন্দ করেন না।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেন, একটা দেশের জন্য গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে ভোটের প্রয়োজন হয়, ভোটের জন্য ভোটারের প্রয়োজন পড়ে।
আহসান হাবিব বলেন, একটা সময় দেড় কোটি ভুয়া ভোটার হওয়ার খবর এসেছিল। কিন্তু নির্বাচন কমিশন যখন ডাটাবেজ তৈরি করল, স্মার্ট কার্ড তৈরি করল, তখন আর দেশের ভুয়া ভোটারের কথা শোনা যায়নি। ভোটারের জন্য ভোটার তালিকা প্রণয়ন একটি বিশাল কর্মযজ্ঞ।
নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, নির্বাচন না হলে কিন্তু দেশের কিছুই ঠিক থাকে না। তাই সময়মতো নির্বাচন করতে হয়। নির্বাচনের প্রধান উপসর্গ হলো, যারা প্রার্থী হবেন তারা এবং ভোটাররা। ভোটার এবং প্রার্থীর সমন্বয় না হলে নির্বাচন ফলপ্রসূ হয় না।
তিনি বলেন, সামনে কিছু স্থানীয় সরকার নির্বাচন আছে। আমি চাইব ভোটাররা এই ভোটে অংশগ্রহণ করে নির্বাচনকে সুষ্ঠু করে তুলবে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আপনারা ভোটকেন্দ্রে যাবেন ভোট দেবেন।
ভোটারদের কাছে আহ্বান থাকবে আপনারা তথ্য দেওয়ার সময় সব ঠিকমতো দেবেন, এতে ভোটার তালিকা নির্ভুল থাকবে। আপনাদের এনআইডি কার্ডটাও নির্ভুল হবে।