ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতকানিয়ায় বালু তোলার গর্তে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কালী নগর এলাকায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে অবৈধ বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্তের পানিতে ডুবে ২ সহোদরের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে একজনের নাম কামরুল হাসান মিশকাত (১১), সে বাজালিয়া রাইজিং স্টার স্কুলের ৫ম শ্রেণির ছাত্র এবং অপরজন ওমর ফারুক মিজবাহ (৮), সে পুরানগড় শাহ সরফুদ্দীন দাখিল মাদ্রাসায় ইবতেদায়ী ১ম শ্রেণির ছাত্র। তাঁরা উভয়ই পুরানগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী আবদুল মোনাফের ছেলে।

ঘটনার সূত্রে জানা যায়, সোমবার (৪ মার্চ) দুপুর ১ টায় স্কুল থেকে ফিরে প্রতিদিনের মতো তাঁরা ৪ শিশু সাঙ্গু নদীতে গোসল করতে নামে। বেলা ৩ টার পরও বাসায় ফিরে না আসায় পরিবার-পরিজন স্থানীয়দের নিয়ে তাদের খুঁজতে থাকেন। এক পর্যায়ে একজন প্রত্যক্ষদর্শী তাদের জুতা সাঙ্গু নদীর পানিতে ভাঁসতে দেখেন। পরে সাঙ্গু নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে তৈরি হওয়া গর্ত থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। দীর্ঘক্ষণ পর সাঙ্গু নদীতে মাছ ধরা জেলেদের জাল টেনে একই গর্ত থেকে অপরজনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র যায়যায়দিনকে জানায়, চন্দনাইশ উপজেলা ধোপাছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাক আহমদ সাঙ্গু নদী থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে। ফলে বালু উত্তোলনের জায়গায় নদীতে বিশাল আকৃতির চোরা গর্তের সৃষ্টি হয়। গোসল করতে নেমে ২ সহোদর সেই গর্তে পড়ে যায় এবং গর্তের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে যুবলীগ নেতা মোস্তাক আহমদকে কল করা হলে তার ফোনে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমদ বলেন, সাঙ্গু নদীর পানিতে ডুবে ২ সহোদরের মৃত্যুর খবর শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে পরিবার থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।