ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মস্কোয় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫, আটক ১১

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে মুখোশ পরা বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৩ মার্চ) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

গার্ডিয়ান জানায়, সন্ত্রাসী হামলায় জড়িত থাকার সন্দেহে ১১ জনকে আটক করেছে মস্কোর পুলিশ। এদের মধ্যে চারজন সরাসরি হামলায় জড়িত ছিলেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় করেছে।

এর আগে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা প্রাথমিকভাবে জানায় যে এ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

এদিকে পৃথক এক বিবৃতিতে রাশিয়ার জাতীয় সংসদ দুমার একজন সদস্য আলেক্সান্দার খিন্সতেন সামাজিক গণমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মস্কোর ব্রিয়ানস্ক এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে দুজনকে আটক করা হয়েছে।

সন্ত্রাসী হামলার পর মস্কো কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতদের আর্থিক সহযোগিতা করা হবে। নিহতদের সৎকারের ব্যবস্থা গ্রহণ করবে।

অন্যদিকে, ঘটনাস্থলে অনেকেই এসে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।