ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মালিবাগের নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর মালিবাগ মোড়ে স্কয়ার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে পাইলিংয়ের মাটি সরানোর সময় ক্রেন ভেঙে নিচে পড়ে নাঈম (১৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্রেনচালকসহ আরও ৪ শ্রমিক আহত হয়েছেন। নিহত নাঈম ক্রেন চালকের সহকারী ছিলেন বলে জানা গেছে।

আজ রোববার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টার দিকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নাঈমের মৃত্যু হয়। নিহত নাঈমের বাড়ি সীতাকুণ্ড এলাকায়।

আহত অন্য ব্যক্তিরা হলেন, আব্দুল্লাহ আল নোমান (২৭), ক্রেন চালক রাতুল প্রমানিক (১৭), ভেকু মেশিনের হেল্পার সাদেক (২০) ও জিয়ারুল (২৬)।‌

ক্রেন চালক নোমান বলেন, ‘মালিবাগ মোড়ে স্কয়ার মার্কেটের ৪৫ তলা ভবনের আন্ডারগ্রাউন্ডের পাইলিংয়ের মাটি ক্রেন ও ভেকু মেশিন দিয়ে সরানোর কাজ করছিলাম আমরা। এ সময় ক্রেন ভেঙে প্রায় ৫০ ফুট মাটির নিচে পড়ে যায়। এতে আমি ও আমার সহকারীসহ প্রায় পাঁচজন গুরুতর আহত হই। প্রথমে আমাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় আমার ক্রেন মেশিনের সহকারী নাঈম মারা যান। আমার পা ও হাতে আঘাত লাগে। অন্যারাও আঘাতপ্রাপ্ত হয়।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মালিবাগ থেকে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এর মধ্যে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানিয়েছি।