দরিদ্র ও অসহায় মানুষের আইনি সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
তিনি বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় আইনগত সহায়তা পাওয়া কোনো দান বা করুণা নয়; এটা দরিদ্র ও অসহায় মানুষের অধিকার, আর রাষ্ট্রের এক অপরিহার্য দায়িত্ব।’
রবিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘উচ্চ আদালতে সরকারি আইনি সেবা: চলমান প্রক্রিয়া ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি বলেন, বর্তমানে সরকারি এবং বেসরকারি পৃষ্ঠপোষকতায় আইনি সহায়তা কার্যক্রম ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে এবং এর সুফল ক্রমান্বয়ে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে। এ ফলপ্রসূ কার্যক্রম ইতিমধ্যে সর্বমহলে অত্যন্ত প্রশংসিত হয়েছে।’
এ সময় তিনি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি আইনজীবী, মানবাধিকারকর্মীসহ স্বেছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া সমাজের সবচেয়ে নির্যাতিত-নিপীড়িত ব্যক্তি বিশেষভাবে নারী ও শিশুরা যেন লিগ্যাল এইড থেকে বঞ্চিত না হয়, সেদিকেও সকলকে লক্ষ্য রাখার আহবান জানান।