ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজধানী যাত্রাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। ওই যুবকের নাম মো. নাহিদ (২২)। তিনি মাদকাসক্ত ছিলেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

মৃতের স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক বিকাল সোয়া ৪ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

নাহিদ শরিয়তপুর জেলার বেদেরগঞ্জ উপজেলার চরবাটিকা গ্রামের ছাপাখানা ব্যবসায়ীর ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। যাত্রাবাড়ী ধলপুর কোল্ডস্টোর গলিতে একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন নাহিদ।

মৃতের চাচা হানিফ ব্যাপারী বলেন, মঙ্গলবার তার বাবা ও মায়ের সাথে তর্কাতর্কি হয়েছিল। বুধবার ঘরে সকলের অগোচরে ফ্যানের সাথে লুঙ্গি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে মাদকাসক্ত ছিল। তেমন কিছুই করতো না।

মৃতের ফুপাতো ভাই মোশাররফ হোসেন বলেন, গত এক সপ্তাহ আগে সে বায়না ধরেছিল মোটরসাইকেল কিনে দিতে হবে। তার বাবা তা কিনে দেয়নি। হয়তো সে কারণেও এমনটি করতে পারে।