কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, এখনও পর্যন্ত সেখানে বাংলাদেশি ছাত্রদের কোনো গুরুতর আহত বা প্রাণহানির খবর নেই।
সোমবার (২০ মে) রাজধানীর সেগুনবাগিচায় নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা জানান।
এ সময় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এর ঢাকা সফরকালে মঙ্গলবার (২১ মে) বিকেলে তার সঙ্গে বৈঠক হবে বলে জানান ড. হাছান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সাক্ষাতে দ্বিপাক্ষিক বিষয়াবলির মধ্যে বিশেষত বাংলাদেশে অস্ট্রেলিয় বিনিয়োগ, বাংলাদেশিদের অভিবাসন, মৌসুমি কর্মসংস্থান, সেখানে প্রবাসীদের কল্যাণ, জ্বালানি ও পরিবেশ সংরক্ষণে সহযোগিতা নিয়ে আলোচনা প্রাধান্য পাবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।