কুমিল্লায় কাভার্ড ভ্যানের পেছনে লিচুবাহী একটি ট্রাকের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজি এলাকার চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকের চালক নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাথরা গ্রামের ফারুক হোসেনের ছেলে মো. নাছিম (২৫) ও হেলপার একই জেলার মান্দা উপজেলার ভেবরা গ্রামের জিয়াউর রহমানের ছেলে মতিউর রহমান আলিফ (২৬)।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ওসি ইকবাল বাহার জানান, লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লিচুর ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় চালক ও হেলপারের দেহ ইঞ্জিনের সাথে আটকে গিয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধারসহ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে স্বজনদের নিকট তাদের মরদেহ হস্তান্তর করা হয়।